২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

একের পর এক আত্মহত্যা করছে ইসরাইলি সেনারা

গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধ ও চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবে ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র *হারেৎস*।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাম্প্রতিক সময়ে মাত্র দুই দিনের ব্যবধানে দুই নারী সেনা নিজেদের জীবন শেষ করেছেন। তাদের একজন মিসর সীমান্তসংলগ্ন ‘বারদেলাস ব্যাটালিয়নে’ এবং অন্যজন তেল আবিবের কাছে ‘গ্লিলট’ ঘাঁটির সামরিক গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনাসদস্য আগে থেকেই তীব্র মানসিক চাপে ভুগছিলেন এবং দায়িত্ব থেকে অব্যাহতি বা কাজের চাপ কমানোর জন্য আবেদন করেছিলেন। তবে সামরিক কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে।

এই দুই ঘটনার পর পৃথক তদন্ত শুরু করেছে ইসরাইলের সামরিক পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘ সামরিক অভিযান, লেবানন সীমান্তে উত্তেজনা এবং পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চলে টানা মোতায়েন থাকার ফলে সেনাসদস্যদের ওপর মানসিক চাপ বেড়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ ঝুঁকির পরিবেশে দায়িত্ব পালন তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ২০২৫ সালেও কর্মরত সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বিষয়টি নিয়ে ইসরাইলের প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ-পরবর্তী মানসিক সহায়তা ও পর্যাপ্ত মনস্তাত্ত্বিক সেবা নিশ্চিত না করা হলে এই প্রবণতা আরও বাড়তে পারে।

Home R3