বর্তমান সরকারকে ‘শেখ হাসিনার ভূতে ধরেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাহিদ ইসলাম।
মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে জনগণকে উপহাস করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে উন্নয়নকে গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে দাঁড় করানো হয়েছিল। পাশাপাশি চার কোটি ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করার মাধ্যমে তিনি নিজের পতনের পথ ত্বরান্বিত করেছেন বলেও মন্তব্য করেন।
বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও জনগণকে তুচ্ছতাচ্ছিল্যের প্রবণতা দেখা যাচ্ছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে ‘মূর্খ’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং সংবিধান পড়ার ছলে জনপ্রতিনিধিদের ‘শিক্ষা দেওয়ার’ চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত।”