৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত: মিয়া গোলাম পরওয়ার

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত: মিয়া গোলাম পরওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং মধুপুর গ্রামের নবী হোসেনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

তিনি আরও বলেন, সীমান্তে প্রায়ই বিনা কারণে বাংলাদেশিদের হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার বিচার না হওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের কাছে বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে এবং মুরসালিন ও নবী হোসেনসহ সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।