আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদে আইন পাসের মাধ্যমে ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি—এটি এখন প্রতিষ্ঠিত সত্য।
শুক্রবার (১ মে) সকালে শৈলকূপা-য় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, জামায়াতের পূর্বসূরিদের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তিনি জানান, জাতীয় সংসদে পাস হওয়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬’-এর ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী জামায়াতে ইসলামকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
সংসদে উত্থাপিত বিল প্রসঙ্গে তিনি বলেন, বিলটি উপস্থাপনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিরোধিতা করেনি এবং নীরব ছিল। “মৌনতা সম্মতির লক্ষণ”—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ থেকেই তাদের অবস্থান স্পষ্ট।
তিনি আরও বলেন, এনসিপি লিখিতভাবে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। তবে গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে বলে উল্লেখ করে বিএনপি সেই অংশের সঙ্গে নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।