সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলেমদের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন, রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নিউ স্কাটন দিলু রোড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সালাউদ্দিন, ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, গুলিস্তানের পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতের প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা ইলিয়াস আরাবী প্রমুখ।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা মাওলানা নাসরুল্লাহ বদরের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা, পরিবারের জন্য সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানান।
এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিহত মাওলানা নাসরুল্লাহ বদরের বাবা-মা ও বড় দুই ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি সৌদি আরবে অবস্থানরত সংশ্লিষ্ট ট্রাভেলসের মালিক ও মাওলানা নাসরুল্লাহ বদরের মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গেও ফোনে কথা বলেন।
পাশাপাশি প্রতিমন্ত্রী সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে যেকোনো উপায়ে দ্রুত মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়।
আলেমরা বলেন, মাওলানা নাসরুল্লাহ বদর একজন আলেম ছিলেন। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে মর্মান্তিক হামলায় তার মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা জরুরি।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাওলানা নাসরুল্লাহ বদরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতের পরিবারের পাশে থাকার পাশাপাশি লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।