ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা; নষ্ট বিপুল খাদ্যপণ্য

ফ্রান্সে শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হয়েছে। হামলায় কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, ক্যারেফুর, মনোপ্রি ও ই লেক্লারের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে।

এএফপির তথ্য অনুযায়ী, ইন্টারমার্শে ও নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান, কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি বিক্রয়কেন্দ্র এবং ক্যারেফুরের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাকারীরা দূর থেকে রেফ্রিজারেশন ব্যবস্থার স্বয়ংক্রিয় বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেওয়ায় ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়। এতে সংরক্ষিত খাদ্যপণ্য নষ্ট হয়। ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিয়ার্ডের আশঙ্কা, এ ঘটনায় এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আক্রান্ত কিছু ব্যবস্থায় পুরোনো সফটওয়্যার ব্যবহার করা হচ্ছিল।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের পাশাপাশি স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামেও এ হামলার প্রভাব পড়েছে। ইন্টারনেট-সংযুক্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

Home R3