ইংল্যান্ডে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সুদমুক্ত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এ ব্যবস্থায় ইসলামি অর্থায়নের নীতি অনুসরণ করে সুদ ছাড়াই উচ্চশিক্ষার জন্য অর্থ সহায়তা নিতে পারবেন শিক্ষার্থীরা।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যবস্থাটি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এতে শিক্ষার্থীদের দেওয়া অর্থ একটি যৌথ তহবিলে জমা হবে এবং পরবর্তী সময়ে অন্য শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে। তবে প্রচলিত শিক্ষার্থী ঋণের মতোই নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থ ফেরত দিতে হবে। অর্থ পরিশোধের ক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন না।
এ ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য নয়, প্রচলিত শিক্ষার্থী অর্থায়নের যোগ্যতা থাকা সব ধর্মের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডসসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষার্থীদের জানাতে শুরু করেছে। লিডস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে।
সরকার জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারিতে ‘লাইফলং লার্নিং এনটাইটেলমেন্ট’ চালুর পর যত দ্রুত সম্ভব নতুন অর্থায়ন ব্যবস্থা কার্যকর করা হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ইসলামি শরিয়ায় সুদ নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক ঋণ নিতে অনিচ্ছুক। ২০২১ সালের এক জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ধর্মীয় দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন।
তবে এ উদ্যোগের সমালোচনা করে রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, এটি দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে। সরকার অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রচলিত ও বিকল্প উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের সমপরিমাণ অর্থ একই সময়সূচিতে পরিশোধ করতে হবে।