পর্তুগালের মাদেইরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে এবং জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। উদ্ধারকাজে তৎপর স্থানীয় ফায়ার সার্ভিস। বন্যার পানিতে আটকে পড়া ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পর্তুগালের মাদেইরায় বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়া ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
বৃদ্ধের নাম আদ্রিয়ানো। বন্যার পানি বাড়তে থাকায় সাও রোকে এলাকায় অবস্থিত তার বাড়ির কাছের নদী থেকে পানি লোকালয়ে প্রবেশ করছিল। ঠিক সেই সময় তিনি বাড়ির নিচতলার ভূগর্ভস্থ গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করতে যান। স্ত্রীকে বিষয়টি জানিয়ে তিনি গ্যারেজে প্রবেশ করেন। কিন্তু সেখানে পানি দ্রুত বাড়তে থাকায় তিনি আটকা পড়েন।
এদিকে বাড়ির ওপরের অংশে থাকা তার স্ত্রী স্বামীকে ফিরে আসতে না দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি প্রতিবেশীদের চিৎকার করে জানান, তার স্বামী বন্যার পানিতে ভেসে গেছেন। তবে সৌভাগ্যক্রমে আদ্রিয়ানো পানির নিচে একটি নিরাপদ ফাঁকা জায়গায় আশ্রয় নিতে সক্ষম হন।
প্রায় এক ঘণ্টা পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পানিতে দীর্ঘ সময় আটকে থাকায় তার শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত। বর্তমানে স্ত্রীকে পাশে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, একই গ্রামের ভূগর্ভস্থ স্থানে বসবাসকারী আরেক ব্যক্তিও বন্যার পানি থেকে প্রাণে বেঁচে গেছেন। তবে পানির প্রবল স্রোতে তার সব মালামাল ভেসে গেছে।
সূত্র : পর্তুগাল রেসিডেন্ট