অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ। পড়তে বা লিখতে না জানলেও শুধু শুনে শুনে ১০ বছরের সাধনায় পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি।
ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়মের। ছোটবেলায় শিক্ষার সুযোগ না পাওয়ায় কখনো পড়তে বা লিখতে শেখা হয়নি তাঁর। জীবনের অধিকাংশ সময় সংসার ও কৃষিকাজে কাটিয়েছেন।
২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় কোরআন মুখস্থ করার উদ্যোগ নেন তিনি। প্রতিদিন গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন। বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন। ফজরের আগেও উঠে কোরআন শুনতেন।
এভাবে টানা ১০ বছরের সাধনায় ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াত মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তাঁর রয়েছে এক ছেলে, তিন মেয়ে এবং ২১ জন নাতি-নাতনি। পরিবারের সদস্যদের কাছে তাঁর এই অর্জন অত্যন্ত বিস্ময়কর ও অনুপ্রেরণার।
কোরআন মুখস্থের পুরো সময় ইয়েমেনে যুদ্ধ ও অবরোধ চলছিল। গোলাগুলি, বিদ্যুৎবিভ্রাট ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের সাধনা অব্যাহত রেখেছিলেন তিনি। বর্তমানে বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে কিছু আয়াত মনে করতে অসুবিধা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন মরিয়ম।
সূত্র: আল-মুশাহিদ