গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদরাসায় আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যাকারী, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি এবং গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে নিজেদের আপন ঠিকানা দিল্লিতে বসে আছে, তারা কখনো এ দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬-১৭ বছর আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাঁদের সবার নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদের পুনরাগমন চাই? যারা গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।’