জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শ্রমিকদের দাবি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হতে পারেনি ফ্রান্সের শ্রমিক সংগঠনগুলো। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার আলোচনা শেষে আগামী ৫ নভেম্বর বড় পরিসরে আন্দোলনের ডাক দিয়েছে তারা। দেশটির শ্রমিক সংগঠন সিজিটির সাধারণ সম্পাদক সোফি বিনে কর্মীদের ধর্মঘট আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তর মাতিনিয়ঁতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সোফি বিনে অভিযোগ করেন, চলমান বিক্ষোভ ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করেননি। শ্রমিকদের দাবিও যথাযথ গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন তিনি।
সিজিটির এই নেত্রীর মতে, আন্দোলন আরও জোরদার করার সময় এসেছে। আগামী ৫ নভেম্বর থেকে ধর্মঘটকে আন্দোলনের মূল কর্মসূচি হিসেবে রাখতে চান তিনি। সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের নিয়ে ওই দিনের কর্মসূচিতে অংশ নিতে প্রধান শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে আগামী শনিবারও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে সিজিটির। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের একটি সমন্বয়কারী পক্ষ এ কর্মসূচি ঘোষণা করেছে। গত ১৭ অক্টোবরের বিক্ষোভের পর কয়েকটি শহরে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে।
ফ্রান্সের বৃহত্তম শ্রমিক সংগঠন সিএফডিটির সাধারণ সম্পাদক মারিলিজ লেওঁ চান, ৫ নভেম্বরের আগেই শ্রমিকদের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর সামাজিক পদক্ষেপ গ্রহণ করুক।
তবে বৈঠকে ন্যূনতম মজুরি বাড়ানোর সম্ভাবনা নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিএফটিসির সভাপতি সিরিল শাবানিয়ে। তাঁর ভাষ্য, সরকার এ বিষয়ে আলোচনার পথ খুলেছে। প্রধানমন্ত্রীও আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তবে মজুরি কতটা বাড়তে পারে কিংবা কবে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে, তা জানানো হয়নি।
বৈঠকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা।
আগামী সোমবার শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার চালু করা মতামত জানানোর প্ল্যাটফর্মে জমা পড়া দাবিগুলোর বিষয়ে প্রাথমিক কিছু পদক্ষেপ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, বিদ্যালয় ভবনের অবস্থার উন্নয়ন এবং অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে বিকল্প শিক্ষক নিয়োগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় ভর্তির আবেদন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘পারকুরসুপ’ বাতিলের দাবিও রয়েছে তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, এই ব্যবস্থায় গুরুতর ত্রুটি রয়েছে।