ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবনটির বিপণিবিতান খোলা রয়েছে।
এদিকে, সৌদি আরবে সম্ভাব্য হামলা ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মিশন জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর চালু থাকলেও অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানযাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য জেনে নেওয়া এবং সৌদি কর্তৃপক্ষের জরুরি সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।