দীপাবলির উৎসবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের রাজকীয় সাজ নজর কেড়েছে। তবে পোশাকের চেয়ে বেশি আলোচনা হচ্ছে পরিবারের কয়েক প্রজন্মের পুরোনো দুর্লভ গয়না নিয়ে।
ভারতীয় ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারিনা পরেছিলেন জয়পুরের ডিজাইনার পুনিত বালানার নকশা করা বেইজ রঙের ঐতিহ্যবাহী পোশাক। মাথায় ছিল প্রায় ২০০ বছরের পুরোনো হীরাখচিত কালগি, যা একসময় ভোপালের নবাব পরিবারের সম্পত্তি ছিল।
তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল তার গলার ৩০ ক্যারেটের পান্না। পান্নাটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। গয়নাটি একসময় সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতানের ছিল। পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি সাইফের কাছে আসে।
কারিনার এই সাজে আধুনিক ফ্যাশনের সঙ্গে ফুটে উঠেছে নবাব পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য ও আভিজাত্য।