প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনে সরকার গঠনের পর থেকেই সরকার দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে। জনগণের জন্য কাজ করা এবং তাদের কাছে জবাবদিহি করা সরকারের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।