৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা: জামায়াতের নায়েবে আমির

সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ‘মীরজাফর’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দাবি করেছেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক এক বক্তব্যেই এই কারচুপির প্রমাণ মিলেছে। এই অভিযোগে রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. তাহের। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে জামায়াতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের একজন রাজসাক্ষী আমরা পেয়েছি, যাঁর নাম সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, একটি বিশেষ পক্ষকে মূল ধারায় আসতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। এর মাধ্যমে তিনি নিজেই কারচুপির বিষয়টি স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।