নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেব।
মন্ত্রী আরও বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে, বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কীভাবে আবার চালু করা যায়। তিনি বলেন, বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।
প্রেস ব্রিফিং এ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব, ইনশাআল্লাহ।