২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীর ধর্ষণকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

ঢাকা ও নরসিংদীতে ধর্ষণকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তাসহ আইনি সহায়তা দেওয়ার দাবি জানান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ঢাকায় ৬ বছর বয়সি শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা; এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

তিনি লেখেন, এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়ার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কিভাবে দেখাতে পারে?