৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলের প্রত্যেক আসনে একক প্রার্থী। এটা আমাদের ঐক্যের পরিচয়। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যদি অনৈক্যের সুযোগে চাঁদাবাজরা ক্ষমতায় আসে তাহলে আগামী ৫ বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে পদযাত্রার শুরুতেই মঞ্চে উঠা নিয়ে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি দল মনে করেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল। আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে। তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মতো আমার-আপনার ভোট অন্য কেউ দিতে না পারে এবং মরা মানুষ কবর থেকে যেন ভোট না দিতে পারে সেটা নিশ্চিত করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন আসিফ মাহমুদ।