২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

৫৪ বছর ধরে শাসনের নামে দেশের মানুষকে শোষণ করা হয়েছে: মাওলানা মামুনুল হক

৫৪ বছর ধরে শাসনের নামে দেশের মানুষকে শোষণ করা হয়েছে: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে ধারাবাহিক বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার অভিযোগ, গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা ও মারকাজ মসজিদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, স্বাধীনতার পর মানুষ স্বপ্ন দেখেছিল—বাংলার মানুষই বাংলার মানুষকে শাসন করবে এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সেই ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে বিশ্বাসের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের খেটে খাওয়া মানুষ তিল তিল করে যে সম্পদ গড়ে তুলেছে, তা ফ্যাসিবাদী সরকার বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যখন সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও দুর্নীতির মাধ্যমে একটি শক্তিশালী অপশাসনের কাঠামো গড়ে তোলা হয় এবং জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বিদ্রোহ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তিনি বলেন, সেই পরিস্থিতিতেই জুলাই মাসে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন। দেশকে আধিপত্যবাদী ও বিদেশি দালাল গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে তারা রক্ত ও জীবন উৎসর্গ করেছে।

Home R3