নতুন অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ব্যাপকহারে বাড়িয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় বাজেটের নথি অনুযায়ী, এবার বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারত, যা আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারত-বিরোধী মনোভাব দেখা গেলেও অর্থ সহায়তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
আগের অর্থবছরে সংশোধিত হিসাব অনুযায়ী বাংলাদেশের জন্য ৩৪ কোটি ৪৮ লাখ রুপি অনুদান দিয়েছিল ভারত। ভারতের ২০২৬-এর বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল, যা পরে সংশোধিত হিসাবের সময় কমিয়ে আনা হয়।