আমেরিকানদের বেশি সন্তান নেয়ার আহ্বান ক্যারোলিন লেভিটের

মার্কিন নাগরিকদের বিয়ে করা, বেশি সন্তান নেওয়া এবং খ্রিস্টীয় মূল্যবোধে সন্তানদের বড় করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জার অনুশাসনে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টের সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন তিনি। শিরোনামে বলা হয়, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিমদের সংখ্যা।’ মূলত বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই পূর্বাভাসের প্রেক্ষাপটেই বিয়ে, পরিবার গঠন ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে মার্কিন নাগরিকদের প্রতি এ আহ্বান জানান লেভিট।

তবে তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। অন্যদিকে, নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও জীবনধারা অনুসরণের আহ্বান জানানো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

অনেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সন্তান লালন-পালনের খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি সামনে এনেছেন। তাঁদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক মার্কিন পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন। আবার কেউ কেউ বলেছেন, সন্তানদের বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

পোস্টের মন্তব্যে এক ব্যবহারকারী লিখেছেন, ‘বিষয়টিকে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতায় নামিয়ে আনা উচিত নয়। প্রকৃত সমাধান খুব সহজ: পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করুন, যাতে এসব দেশ নিজেদের সংস্কৃতি রক্ষা করতে পারে।’

আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার সুবিধা, জীবনধারণের উপযোগী মজুরি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করে, তারাই আবার বেশি সন্তান নেওয়ার কথা বলে। এরপর তারা অবাক হয়, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’

তৃতীয় আরেকজন লেখেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।’

লেভিটের পোস্টটি ঘিরে অনলাইনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সমর্থকেরা পরিবার ও ধর্মীয় বিশ্বাসের ওপর তাঁর গুরুত্বারোপের প্রশংসা করছেন। অন্যদিকে সমালোচকদের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও সন্তান লালন-পালনের আর্থিক চাপের কারণে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকের জন্য বড় পরিবার গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে।

Home R3