ইরান শুধু অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দাবিই করছে না, বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির কথাও জোরালোভাবে তুলে ধরছে দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
দেশটির সামরিক সক্ষমতা নিয়ে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি দাবি করেন, উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনে ইরান শুধু স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, বরং আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অস্ত্রব্যবস্থার অন্যতম প্রধান রপ্তানিকারক দেশেও পরিণত হয়েছে।
মোহেব্বির দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এসব বিমানের মধ্যে এফ-১৬, এফ-৩৫ ও এফ-১৮ যুদ্ধবিমানও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।