যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মিনেসোটার ডেমোক্র্যাট প্রার্থী ইলহান ওমর। একই নির্বাচনে মিশিগানের ১২তম কংগ্রেসীয় ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাশিদা তালিব।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রাক্কলন অনুযায়ী, মিনেসোটার ৫ম কংগ্রেসীয় ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে বড় ব্যবধানে পরাজিত করেছেন ইলহান ওমর। প্রাথমিক ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ দশমিক ৪৮ শতাংশ ভোট।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় ওমর বলেন, ট্রাম্প কখনোই তাঁদের মুখ বন্ধ করতে পারবেন না। তিনি নিজের বিজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে মিশিগানের ১২তম কংগ্রেসীয় ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী জেমস ডি. হুপারকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব। ২০১৮ সালে ইলহান ওমরের সঙ্গে প্রথম দুই মুসলিম নারী হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।
রাশিদা তালিব ফিলিস্তিনিদের মানবাধিকার এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের অন্যতম সোচ্চার সমালোচক হিসেবে পরিচিত।