প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন, গৃহবন্দি

ব্যাংকিং খাতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির জেরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির আইনপ্রণেতারা তাঁকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর পক্ষে ভোট দেন। পরে তাঁকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ব্যাংক উয়েনো বন্ধ হয়ে যাওয়ার পর দেশটিতে আর্থিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ব্যাংকটির পতনের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরেই পেনিয়ার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেন আইনপ্রণেতারা।

পেনিয়া বৃহস্পতিবার নিজেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে অসদাচরণের অভিযোগে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়। এতে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া দায়মুক্তি এবং আজীবন সিনেটের সদস্য থাকার সুযোগও হারিয়েছেন তিনি।

অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, পেনিয়া স্বার্থের সংঘাত তৈরি করেছেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি প্রক্রিয়ায় কারসাজি করেছেন, পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে প্রাতিষ্ঠানিক অনিয়ম ধামাচাপা দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন।

৪৫ সদস্যের সিনেটে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন ৪৪ জন। ভোটের সময় একজন অনুপস্থিত ছিলেন। ভোটাভুটির পর সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ জানান, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে ব্যাংকটির পতনে দেশজুড়ে আর্থিক সংকট আরও তীব্র হয়েছে। বিবিসির তথ্যমতে, ব্যাংকটির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের হাতে যাওয়ার পর প্রায় ৩০ লাখ আমানতকারী তাঁদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এতে দেশটির অর্ধেকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিলভিয়া মার্গারিটা গনজালেস ভেস্টার জানিয়েছেন, বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো ও অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার পেনিয়াকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ব্যাংকটির পতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে।

তবে পেনিয়ার আইনজীবী রিকার্দো প্রেদা অভিযোগগুলোকে বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন ও সুযোগসন্ধানী বলে আখ্যা দিয়েছেন। পেনিয়াও কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শেয়ার ছিল তাঁর হাতে।

পেনিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২৮ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালনের কথা রয়েছে।

Home R3