ব্যক্তিগত আয়করের হার কমানো এবং নাগরিকত্ব পাওয়ার নিয়মে নতুন শর্ত যুক্ত করার অনুমোদন দিয়েছে পর্তুগাল সরকার।
গত ২৯ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠকে এ-সংক্রান্ত দুটি ডিক্রি-আইন অনুমোদন করা হয়।
সরকার জানিয়েছে, আয়করের প্রথম ছয়টি ধাপে করের হার কমানো হয়েছে। এতে প্রায় ৩০ লাখ পরিবার উপকৃত হবে এবং করদাতাদের হাতে অতিরিক্ত ৪০ কোটি ইউরো থাকবে। নতুন করহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অন্যদিকে, নতুন নাগরিকত্ব বিধিমালায় বৈধভাবে বসবাসের সময়সীমা বাড়ানো হয়েছে। পর্তুগিজ ভাষাভাষী আফ্রিকান দেশগুলোর (প্যালপ) নাগরিক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য সাত বছর এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ১০ বছর বৈধ বসবাসের শর্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পর্তুগালে জন্ম নেওয়া বিদেশি বাবা-মায়ের সন্তানদের নাগরিকত্ব পেতে হলে জন্মের সময় বাবা-মায়ের অন্তত একজনের পাঁচ বছরের বৈধ বসবাস থাকতে হবে।
নতুন বিধিমালায় নাগরিকত্বপ্রার্থীদের পর্তুগিজ ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে পরীক্ষার পাশাপাশি আর্থিক সক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আনুগত্যের শর্তও স্পষ্ট করা হয়েছে।