২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা সিসির

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন, ২০৩০ সালেই শেষ হবে তাঁর প্রেসিডেন্টের মেয়াদ। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেছেন, দেশের সংবিধানেও আর কোনো পরিবর্তন আনা হবে না।

শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী সিসি এসব কথা বলেন। তিনি জানান, ২০৩০ সাল তাঁর মেয়াদের চূড়ান্ত সময় এবং বিষয়টি সম্পূর্ণভাবে মীমাংসিত।

সিসি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার উপযুক্ত নেতৃত্ব তৈরি না হওয়া পর্যন্ত তিনি দেশের সেবায় নিয়োজিত থাকবেন। নতুন প্রজন্মের যোগ্য নেতা তৈরিতে মিসরীয় সামরিক একাডেমি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন সিসি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, মিসরের বিভিন্ন কারাগারে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে এক হাজারের বেশি নারী। কারাগারে চিকিৎসার অবহেলা ও মানবেতর পরিবেশের কারণে সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ একাধিক বিরোধী নেতার মৃত্যুর ঘটনাও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Home R3