ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
‘বিদুথালাই চিরুথাইগাল কাচি’ (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান সংবাদমাধ্যমকে জানান, সম্প্রতি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে টিভিকে। এর ধারাবাহিকতায় চেন্নাইয়ে জোটের আয়োজিত বিক্ষোভেও অংশ নেয় দলটি। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও টিভিকেকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গরু জবাই নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে আদালতে থালাপতির ‘বিজয়’
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধী দলগুলোর একাংশ। তাদের আশঙ্কা, এ প্রক্রিয়ার কারণে অনেক যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণও দাবি করেছে তারা।
গত ৩ অক্টোবর কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও এমডিএমকের মতো দলগুলোর সঙ্গে রাজ্য পর্যায়ের বৈঠকে অংশ নেয় টিভিকে। সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন ও এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে টিভিকেকে জোটে স্বাগত জানানো হয়।
এরপর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ঘটনাকে দুই দলের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালে অভিনেতা বিজয়ের হাত ধরে আত্মপ্রকাশ করে টিভিকে। তামিলনাড়ুর রাজনীতিতে শক্তিশালী বিকল্প হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। ইন্ডিয়া জোটের সঙ্গে এই সম্পৃক্ততা দলটির রাজনৈতিক পরিসর বাড়ালেও জাতীয় পর্যায়ে জোটের কর্মসূচিতে তাদের ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা এখনো স্পষ্ট নয়।