তুরস্কে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ বৃত্তিতে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। এ কর্মসূচিতে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ, তুর্কি ভাষা ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন তারা।

সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।

ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের তথ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে সম্পৃক্ত আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করেছে। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের যাওয়া আসার বিমানভাড়া, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর সব ব্যয় বহন করবে ফাউন্ডেশন।

দুই বছর মেয়াদি এ শিক্ষা কার্যক্রমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার্থীদের। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং তরুণীদের প্রয়োজনীয় শিষ্টাচার ও আদবকায়দা।

এ ছাড়া কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। কোর্সের অংশ হিসেবে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোতে শিক্ষাসফরের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বাংলাদেশি নারীদের জন্য প্রথমবারের মতো এমন বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেট জেনারেলের আশা, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও কর্মসূচিটি ইতিবাচক ভূমিকা রাখবে।

Home R3