১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গরু জবাই নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে আদালতে থালাপতির ‘বিজয়’

ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ ঘটনায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (TVK) সরকারের আইনি লড়াইয়ে প্রাথমিক সাফল্য এসেছে।

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। আদালত জানান, হাইকোর্টের নির্দেশনায় আইনি পর্যালোচনার প্রয়োজন রয়েছে, তাই আপাতত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।

এর আগে, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করে তামিলনাড়ু জুড়ে গরু জবাইয়ের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছিলেন।

এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে টিভিকে সরকার যুক্তি দেয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত শর্তে নির্দিষ্ট শ্রেণির গরু জবাইয়ের অনুমতি রয়েছে। ফলে সেই আইনের পরিপন্থী কোনো বিচারিক নির্দেশ টেকসই হতে পারে না।

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার সময় স্থানীয় বিধি মেনে পশু কোরবানির বিষয়টি এতে প্রভাবিত হয়।

উল্লেখ্য, তামিলনাড়ুর কিছু হিন্দু মন্দিরেও তাদের ধর্মীয় উৎসবে পশু বলিদানের প্রথা বিদ্যমান।

সূত্র: এনডিটিভি

Home R3