১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা বাংলাদেশ সরকারের

দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে স্থলভাগে (অনশোরে) ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটির খননকাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (১২ অক্টোবর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতির উদীয়মান শিল্প নিয়ে পরিকল্পনাগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রাঞ্চলে গ্যাস অনুসন্ধানের জন্য নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তি হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা করে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জাহাজ নির্মাণ, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং সড়ক, রেল ও নৌযোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করতে সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার জরুরি। এ লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সরকারি, বেসরকারি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সেমিনারে আইইউবির শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Home R3