সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে রেমিট্যান্স প্রবাহে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংঘাতে বাংলাদেশি কর্মীদের চাকরি হারানো ও দেশে ফিরে আসার আশঙ্কা থাকায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) বিআইআইএসএস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মগন্তব্য খুঁজছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন হাসপাতালে অন্তত ২৪ জন বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। সংঘাতের দ্রুত অবসান ও যুদ্ধ বন্ধের আশাও প্রকাশ করেন তিনি।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প উৎস অনুসন্ধানের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। তবে সংঘাতের কারণে দেশে তাৎক্ষণিক জ্বালানি সংকটের কোনো ইঙ্গিত পাননি তিনি।

সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এখনও মক্কা চুক্তিতে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেনা পাঠানোর প্রশ্ন আসে না। একই সঙ্গে তিনি সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

Home R3