দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা ঘিরে জমে উঠেছে বইপ্রেমীদের আনাগোনা। প্রতিদিন বিকেলের পর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টলে ইসলামী সাহিত্য, কুরআন, হাদিস, সীরাতসহ নানা ধরনের বই দেখতে ও কিনতে ভিড় করছেন পাঠকরা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী এই ইসলামী বইমেলা।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা ইতোমধ্যে পাঠক ও বইপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠেছে। প্রতিদিন বিকেলের পর মেলা প্রাঙ্গণে বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

মেলা পরিচালনা কমিটির তথ্যমতে, এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি ১৯৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, ইতিহাস, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইয়েরও রয়েছে সমৃদ্ধ সংগ্রহ।

মেলার বিভিন্ন স্টলে বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে প্রকাশিত বইয়ে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় রাখা হয়েছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব গেটে স্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য শিশু চত্বর, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রাখা হয়েছে।

মেলার অন্যতম আকর্ষণ ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত সীরাত এক্সিবিশন। এতে ১৩টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মাদ ﷺ-এর জীবন ও শিক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া মেলায় প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Home R3