‘ভয়ে’ জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে, তিনি নিউইয়র্কে রাতে অবস্থান করবেন না এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরে যাবেন।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেন। এসব বৈঠকের কয়েকটিতে নেতানিয়াহু নিজেও উপস্থিত ছিলেন। গোয়েন্দা মূল্যায়নে পাওয়া নির্দিষ্ট সতর্কবার্তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলেও নিরাপত্তার স্বার্থে সতর্কবার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নতুন সূচি অনুযায়ী, বুধবার গভীর রাতে ইসরায়েল ছাড়ার পর বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কে পৌঁছানোর কথা নেতানিয়াহুর। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পরই ইসরায়েলের উদ্দেশে রওনা হবেন তিনি।

গাজায় চলমান সংঘাত ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির মধ্যেই নেতানিয়াহুর এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরের একদিন আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার পরিকল্পনাকারী’ হিসেবে আখ্যা দেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তারে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে নগর কর্তৃপক্ষের এ ধরনের গ্রেপ্তারের আইনগত এখতিয়ার নেই বলেও স্বীকার করেন মামদানি।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এদিকে সংক্ষিপ্ত এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক থাকছে না। ইসরায়েলি পক্ষের প্রচেষ্টা সত্ত্বেও দুই নেতার সময়সূচি না মেলায় বৈঠকটি বাতিল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ছাড়া টেক্সাসে ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর একটি নির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। বৈঠকের প্রস্তুতির জন্য একটি ইসরায়েলি দল এরই মধ্যে টেক্সাসে অবস্থান করছিল।

সূত্র: আনাদোলু

Home R3