যুক্তরাষ্ট্র সফরে যাওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানাতে প্রায় ১০০ ফুট লাল গালিচা, সামরিক সম্মানরক্ষী দল ও দুইটি বি-ওয়ান বোমারু বিমান মোতায়েন করা হয়। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও সরাসরি বিমানের পাশে গিয়ে তাদের স্বাগত জানান।
মেলানিয়া ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ভালো ব্যক্তিগত সম্পর্ক থাকায় তিনি নিজেই বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেন। ট্রাম্পও বলেন, চীনা প্রতিনিধিরা এই আয়োজনকে ইতিবাচকভাবে নিয়েছেন।
যুক্তরাষ্ট্রে পৌঁছে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরী প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদারত্বের সম্পর্ক গড়ে ওঠা উচিত। একই সময়ে দুই দেশ চলমান শুল্কযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আরও দুই মাস বাড়াতে সম্মত হয়েছে।
এর আগে ওয়াশিংটনে চীনের ভাইস-প্রিমিয়ার হি লিফেং ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বৈঠকে বাণিজ্য নিয়ে বড় ধরনের সমঝোতার প্রস্তাব আসে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো দুই দেশের বাণিজ্য বিরোধ নিরসনে আলোচনার সুযোগ তৈরি করতে পারে।
সূত্র: এসসিএমপি