সৌদি আরবের একাধিক অঞ্চলে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর। এ সময় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা, নদী ও উপত্যকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার পানিতে সাঁতার না কাটতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা ও হালনাগাদ তথ্য মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, মক্কা অঞ্চলের তায়েফ, মাইসান, আদহাম ও আল আরদিয়াতসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও তীব্র দমকা হাওয়া দেখা দিতে পারে। মক্কা নগরী, আল কামিল, আল জুমুম ও বাহরা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া জাজান, আসির ও আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলাঝড়ের আশঙ্কা রয়েছে। মদিনা ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টির সময় প্লাবিত উপত্যকা পার হওয়া কিংবা দ্রুত প্রবাহমান পানির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে কর্তৃপক্ষ সতর্ক করেছে। একই সঙ্গে যানবাহন চালক ও বাসিন্দাদের আবহাওয়া দপ্তর এবং সিভিল ডিফেন্সের হালনাগাদ সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।