৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে—আমরা সেই মাত্রাটা দেখব।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী অভিযোগ করেন, ছাত্রদল তাদের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তিনি বলেন, ‘সারজিসের গাড়িতে হামলা হয়েছে। আমাকে আগেও হামলা করা হয়েছে। তারা বলেছে, আমি বেশি কথা বলি—এই কারণে হামলা করছে। তাই আমি আজ থেকে চুপ থাকব।’

তিনি জানান, হবিগঞ্জের ঘটনার পর ইতোমধ্যে মামলা করা হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে মামলার তালিকায় কিছু সংশোধনের বিষয়ও সামনে এসেছে।

পাটওয়ারী আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হওয়া জরুরি এবং সরকারের কাছে তিনি এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। একই সঙ্গে সহিংসতার রাজনীতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলার ঘটনা আর দেখতে চান না।

তিনি আহত এক শিক্ষার্থীর চিকিৎসার বিষয় উল্লেখ করে বলেন, ‘আমরা আর কিছু চাই না, শুধু তার চোখ ফেরত চাই।’

Home R3