খুন, ধর্ষণ ও গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করায় আল্লাহ বিএনপির প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তার দাবি, বিএনপির কর্মকাণ্ডের কারণেই দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
শনিবার (২৩ মে) ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার পরিবর্তে লুটপাটে ব্যস্ত। তিনি উল্লেখ করেন, আগামী বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়নসহ সাংবিধানিক সংকট নিরসনের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন ক্ষমতায় এসে বিএনপি সে অবস্থান থেকে সরে গেছে, যা দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।
পরে পিরোজপুর শহরের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় অস্বীকার করার নজির বিশ্বে বিরল এবং এর ফলেই দেশে সংকট সৃষ্টি হয়েছে।
জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।