৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে: ফজলুর রহমান

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে আত্মত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের বহু দেশ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল। ভারত ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং এ দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার ভারতীয় সৈন্য জীবন উৎসর্গ করে।

তিনি আরও বলেন, সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করেছিল, যা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যথায় দেশের স্বাধীনতা অর্জন অনিশ্চিত হয়ে পড়তে পারত।

মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক মাসের কোনো গণ-আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করা হলে তা এই মহান অর্জনকে খাটো করার শামিল।