২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রিজভী

দেশে চলমান লোডশেডিং ও তাপপ্রবাহ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমি-তে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক তাপপ্রবাহে রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও তৎপর হতে হবে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সংকট অস্বীকার না করে বাস্তবতা স্বীকার করে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে আশ্বস্ত করতে হলে মন্ত্রীদের আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রিজভীর দাবি, জ্বালানি সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যার প্রভাব দেশে পড়ছে। তবে তিনি এটিকে আংশিকভাবে কৃত্রিম সংকট বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যর্থতা নয়। এ অবস্থায় বাস্তবতা স্বীকার করে কার্যকর সমাধানের দিকে এগোনোর আহ্বান জানান তিনি।