বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কখনো ওয়াদা ভঙ্গ করে না এবং দলটির ইতিহাসে ওয়াদা ভঙ্গের কোনো উদাহরণ নেই।
শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটে একটি দাখিল মাদরাসা প্রাঙ্গণে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বিএনপি ওয়াদা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের রাজনীতি করে। তাই ওয়াদা ভঙ্গের পরিণতি স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনকল্যাণে কাজ শুরু করলেও জামায়াত-এনসিপি জোটের নেতারা বানোয়াট ও অমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।