২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ তলা থেকে নারী পথচারীর ওপর আছড়ে পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক

জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবকের আঘাতে পথচারী এক নারী নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ২৩ বছর বয়সী নারী হোরা ইনাবা প্রাণ হারান, তবে ওপর থেকে পড়া যুবক শিনসেই তাগুচি গুরুতর অবস্থায় বেঁচে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে ইনাবা এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটার সময় ১২ তলা ভবন থেকে তাগুচি সরাসরি তার ওপর আছড়ে পড়েন। ঘটনাটি ঘটে ইয়াবাচো স্টেশন-এর কাছাকাছি একটি অফিস ও আবাসিক এলাকায়।

ঘটনার পরপরই ইনাবার বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। গুরুতর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে ইনাবার মৃত্যু হয়। অন্যদিকে তাগুচি এখনও অচেতন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, তাগুচি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন নাকি আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, জাপানে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা-তে এক স্কুলছাত্রী ভবন থেকে পড়ে এক নারী পথচারীকে হত্যা করে। একইভাবে ২০২০ সালে ওসাকা-য় অনুরূপ ঘটনায় দুজনের মৃত্যু হয়। ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এমন দুর্ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

Home R3