শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতার কারণে ফ্রান্সে ৪০০ থেকে ৫০০টি উচ্চবিদ্যালয়ে সোমবার (৫ অক্টোবর) পাঠদান আংশিক বা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এসব স্কুলে পাঠদান স্থগিত রাখা হয়েছে।
গত সপ্তাহে শিক্ষাব্যবস্থার মান, শিক্ষকসংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। পরে প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ২৪টি স্কুলে আগুন দেওয়া বা ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ফ্রান্সের বিচারমন্ত্রী জানিয়েছেন, দেশটির প্রায় ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে সহিংস বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শুক্রবারের বিক্ষোভ থেকে ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলন শুরুর পর মোট গ্রেপ্তারের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি।
বিক্ষোভকারীরা মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, স্কুলের অবকাঠামো উন্নয়ন, নিয়মিত পাঠদান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
সূত্র : বিবিসি