সেউতায় অভিবাসীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ

স্পেনের সেউতা শহরে অভিবাসীদের ওপর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগগুলো তদন্ত করছে স্পেন সরকার।

গত ৩০ সেপ্টেম্বর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযোগ জানিয়েছে। সেপ্টেম্বরের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত ৬৫ জনের বেশি অভিবাসীর সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।

অ্যামনেস্টির দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছু অভিবাসীকে লাঠি দিয়ে মারধর ও লাথি দিয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কারও হাড় ভাঙা ও মাথায় আঘাত পাওয়ার তথ্যও পাওয়া গেছে।

সংস্থাটি বলছে, কিছু ঘটনা নির্যাতনের পর্যায়েও পড়তে পারে। নারী ও শিশুরাও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিবাসীদের পাশাপাশি সাংবাদিক ও মানবিক সহায়তাকর্মীদেরও হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকটি সংগঠন জানিয়েছে, অভিবাসীদের সহায়তা দিতে গিয়েও তারা বাধার মুখে পড়েছেন।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগগুলো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে কারও ব্যক্তিগত দায় থাকলে তা খুঁজে বের করা হবে।

এদিকে, জুলাইয়ের শেষ দিকে মরক্কো থেকে প্রায় ৭০ হাজার মানুষ সেউতায় প্রবেশের পর সেখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ২ হাজার ৪৯৩ জন অপ্রাপ্তবয়স্ক সেউতার সুরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

Home R3