১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

যৌন নিপীড়ন ও মানহানি মামলায় আদালতের নির্দেশে লেখক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) ক্যারলের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেন। মামলার রায় ঘোষণার প্রায় তিন বছর পর এ অর্থ পরিশোধ করা হলো।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে জানান, জুরির দেওয়া রায় অনুযায়ী তার মক্কেল ক্ষতিপূরণের পুরো অর্থ পেয়েছেন। এতে আদালত নির্ধারিত ৫০ লাখ ডলারের পাশাপাশি আপিল চলাকালে জমা হওয়া সুদও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ পরিশোধ স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তবে গত সপ্তাহে বিচারক তাকে অর্থ পরিশোধের নির্দেশ দেন। এ বিষয়ে ট্রাম্পের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ৮২ বছর বয়সী সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন। পরবর্তীতে ২০২২ সালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ওই অভিযোগ অস্বীকার করে তাকে মানহানি করা হয় বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি বোর্ড ক্যারলের পক্ষে রায় দিয়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। যদিও ট্রাম্প শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে মামলাটিকে ‘প্রতারণা’ ও ‘উইচ হান্ট’ বলে দাবি করে আসছেন।

এদিকে ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানি মামলায়ও ট্রাম্পকে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছিলেন, তবে ফেডারেল আপিল আদালত তা খারিজ করে দেয়। মামলাটি নিয়ে তার আইনি লড়াই এখনও চলমান।

সূত্র বিবিসি

Home R3