হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি সতর্ক করে বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে।
সোমবার (১৩ জুলাই) সাও পাওলোতে এক জনসভায় দেওয়া বক্তব্যে লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কথা বললেও একই সঙ্গে জাহাজ চলাচলের ওপর অর্থ আদায়ের পরিকল্পনা করছেন, যা অতীতে জলদস্যুতার সঙ্গে তুলনীয় ছিল।
তিনি বলেন, “একটি পরাশক্তির কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। যারা দীর্ঘদিন জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে, তারাই যদি এখন সেই পথে হাঁটে, তা মেনে নেওয়া যায় না।”
সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ-অবরোধ আরোপ এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী কার্গো জাহাজ থেকে মাশুল আদায়ের পরিকল্পনার কথা জানান।
লুলা সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব ইতোমধ্যে ব্রাজিলের বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল, টমেটো ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় ব্রাজিল সরকার জ্বালানির ওপর বিশেষ কর মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরোধ করেছিল। জুনে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক ঘটনাবলীতে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আরব নিউজ