যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সংঘর্ষের পর বিমানের ইঞ্জিনে স্বল্প সময়ের জন্য আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট। এ সময় বিমানের কেবিনে ধোঁয়া দেখা দিলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২৪ জন যাত্রী ও ক্রুকে জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর রানওয়ে পার হওয়ার সময় উড়োজাহাজটির সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ফ্রন্টিয়ার এয়ারলাইনসের বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, উড্ডয়নের অনুমতি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট জরুরি বার্তা পাঠিয়ে জানান, তারা রানওয়েতেই থেমে গেছেন এবং একজন ব্যক্তিকে ধাক্কা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার সময় বিমানটি উচ্চ গতিতে চলছিল এবং ওই ব্যক্তি অবৈধভাবে রানওয়েতে প্রবেশ করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ভেঙে প্রবেশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি বিমানবন্দরের কোনো কর্মী নন এবং এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি