২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করল রুশ প্রমোদতরী

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের সঙ্গে সম্পৃক্ত একটি বিলাসবহুল প্রমোদতরী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-এর বরাতে জানা যায়, প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের (প্রায় ৬ হাজার কোটি টাকা) এই ইয়টটির নাম ‘নর্ড’। এটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে।

শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দীর্ঘ এই প্রমোদতরী গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ২টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে এবং শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে।

বর্তমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই জলপথ দিয়ে সাধারণ জাহাজ চলাচল প্রায় সীমিত হয়ে পড়েছে। আগে যেখানে দৈনিক প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত, বর্তমানে সেখানে খুব সীমিত সংখ্যক বাণিজ্যিক জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরীর যাত্রা ঘিরে নানা প্রশ্ন উঠেছে।

স্টিল ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ‘নর্ড’-এর মালিক হিসেবে তার নাম সরাসরি উল্লেখ নেই, তবে ২০২৫ সালের নথি অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই যাত্রাকে সম্ভব করেছে। বিশেষ করে ২০২৫ সালে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা চুক্তির পর সম্পর্ক আরও গভীর হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল ইয়টগুলোর একটি ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেরুম, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।