২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানুষদের কুরআন ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটের আগে বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের ধর্মীয় গ্রন্থ স্পর্শ করিয়ে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে। তার দাবি, গীতা ও কুরআন স্পর্শ করিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ভোট দেওয়ার শপথ করানো হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) এক জনসভায় তিনি বলেন, বাইরে থেকে আসা শ্রমিক ও সাধারণ মানুষদের ধর্মীয় গ্রন্থে ছুঁইয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে, যা তিনি অনুচিত বলে মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষকে ভয় বা চাপের মাধ্যমে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে বাধ্য করা উচিত নয়। তিনি আহ্বান জানান, মানুষ যেন নিজের ইচ্ছা ও গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ভোট প্রদান করে।

তিনি আরও মন্তব্য করেন, বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মানুষকে প্রভাবিত করে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।

এ সময় তিনি বিজেপির প্রচার কৌশল নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, ভোটের আগে বড় বড় সামরিক প্রদর্শন বা প্রচারনাট্য দেখিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।