২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা ছাড়াই চীনে প্রবেশের সুযোগ পাবেন যারা

রাশিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধার মেয়াদ বাড়িয়েছে চীন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২০ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত সহজ করতে বিদ্যমান ভিসামুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পাসপোর্টধারী রুশ নাগরিকরা ব্যবসা, পর্যটন, পারিবারিক সফর, বিনিময় কর্মসূচি কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

গুও জিয়াকুন আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় রাশিয়া-চীন সম্পর্ক বর্তমানে উচ্চ পর্যায়ে রয়েছে। জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে বেইজিং ভবিষ্যতেও মস্কোর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

Home R3