১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাংতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

ভারতের কর্ণাট্যের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে ভ্রমণ করে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। খুচরা টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নামিয়ে দেন।

শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর ১০টির বেশি বিএমটিসি বাসে ভ্রমণ করেন তিনি। এ সময় সাধারণ যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি সরেজমিনে দেখাই ছিল তার উদ্দেশ্য।

পরিদর্শনের সময় একাধিক অনিয়ম চোখে পড়ে মন্ত্রীর। একটি বাসে যাত্রী নামার সংকেত দিলেও চালক নির্ধারিত স্টপেজে বাস না থামিয়ে চলে যান। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, হেব্বাল–নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে গিয়ে ১০০ রুপির নোট দিলে খুচরা না থাকার অজুহাতে কন্ডাক্টর তাকে নামিয়ে দেন।

এছাড়া, অটোরিকশা ভাড়া নিয়ে চালক ও যাত্রীর মধ্যে বিরোধের ঘটনাতেও হস্তক্ষেপ করেন মন্ত্রী। অভিযোগ ছিল, মিটারে ৩০ রুপি দেখালেও চালক ৩৬ রুপি দাবি করেন।

অভিযান শেষে বাইরাথি সুরেশ জানান, গণপরিবহনে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং যাত্রীসেবার মান উন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।

Home R3